স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০১ জানুয়ারি ২০২২, ২০:০৯
লিওনেল মেসি আর দানি আলভেস। দুইজন জাতীয় দলে খেললে হয়ে যান চিরশত্রু। কিন্তু বার্সেলোনায় ছিলেন হরিহর আত্ম। ক্যাম্প ন্যুয়ে অসংখ্য আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছিলেন। সময়ের স্রোতে দু’জনের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। তবে বদলে গেছে পরিচয়। মেসি যখন বার্সায় ছিলেন তখন দানি পাড়ি জমান জুভেন্টাসে। এরপর খেলেন পিএসজি, সাও পাওলোতে। আবার দানি আলভেস যখন বার্সায় ফিরেন তখন মেসি যোগ দিয়েছেন পিএসজিতে।
নতুন বছরে পুরনো সতীর্থ লিওনেল মেসির সঙ্গে আরও একবার বার্সেলোনার জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করলেন ব্রাজিলিয়ান দানি আলভেস। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিশ্বাস, মেসিও ভবিষ্যতে বার্সেলোনায় ফিরবেন এবং আবারও দুজনে একসঙ্গে খেলবেন দলটির হয়ে।
২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত দানি আলভেস খেলেছেন বার্সেলোনায়। ২০১৫-১৬ মৌসুম শেষে তার চুক্তি আর নবায়ন করেনি দলটি। ফলে তিনি পাড়ি জমান জুভেন্তাসে। এরপর পিএসজি, সাও পাওলো হয়ে আবার ফিরেছেন তিনি বার্সায়।
আর গত বছর আর্থিক দুরাবস্থা ও লা লিগার নিয়মের মারপ্যাচে মেসিকে ধরে রাখতে ব্যর্থ হয় কাতালানরা। ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়কে হারিয়ে ধুঁকছে তারা। মাঠের পারফরম্যান্সে দলটিকে যেন চেনাই দায়। চলতি মৌসুমে বার্সেলোনায় ফিরলেও দানি আলভেস এখনো প্রতিযোগিতামূলক ফুটবলে অংশ নিতে পারেননি।
এর মধ্যে আবারও করোনায় আক্রান্ত হয়ে মাঠের বাইরেও চলে গেছেন তিনি। আইসোলেশনে থেকেই সম্প্রতি কাতারের আলকাস স্পোর্টস চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন আলভেস। সেখানেই ৩৮ বছর বয়সী এই রাইট-ব্যাক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনও একদিন মেসি বার্সেলোনায় ফিরবেন।
ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার বলেন, মেসির বার্সা ছেড়ে চলে যাওয়া দলের জন্য ছিল কঠিন ধাক্কা ছিল। ক্লাবের নানা সমস্যা ছিল এবং তাকে ধরে রাখা খুব কঠিন হয়ে পড়েছিল। আমি তার বার্সেলোনা ছেড়ে যাওয়ার বিপক্ষে ছিলাম। কারণ, সে বার্সেলোনার জীবন্ত কিংবদন্তি। দুর্ভাগ্যবশত, আমাদের চাওয়া অনুযায়ী বিষয়গুলো ঘটেনি। কিন্তু আমি আশা করি, একদিন সব কিছু ঠিক হবে এবং আবারও আমরা একসঙ্গে খেলব।
নতুন করে কাতালান ক্লাবে যোগ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার অপেক্ষায় থাকলেও একটা প্রীতি ম্যাচে মাঠে নামেন আলভেস। গত ১৪ ডিসেম্বর আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে মারাদোনা কাপে খেলে শুট আউটে একটি গোলও করেন তিনি। টাইব্রেকারে ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বোকা।
বড় দিনের ছুটির পর আগামী রোববার লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বার্সেলোনা। স্পেনের শীর্ষ এই লিগে ১৮ ম্যাচে সাতটি করে জয় ও ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে শাভি এরনান্দেসের দল।
এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ ৪৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com