স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ মার্চ ২০২২, ১৩:২৭
চোট কাটিয়ে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে প্রস্তুত মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিরতে পারেন বাংলাদেশের এ অভিজ্ঞ ক্রিকেটার।
বুধবার (২ মার্চ) অনুশীলনের সময় আঙ্গুলের চোটে পড়ায় প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন মুশফিক।
শুক্রবার (৪ মার্চ) মিরপুরে ঐচ্ছিক অনুশীলনে অংশ নেন এই ব্যাটসম্যান। ম্যাচে ফিরতে নেটে ব্যাটও করেন। পরে চোট নিয়ে স্বস্তির খবর জানান বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘গত ২ তারিখে মুশফিকুর রহিমের আঙুলে বল লাগার পর এক্স-রে করানো হয়েছিল। সেখানে চিড় বা এই ধরনের কিছু আসেনি। গতকাল তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। দেখা গেছে যে, ফোলা আর নেই। আজকে সে ব্যাটিং করল। থ্রো ডাউন খেলল, স্পিনে ব্যাট করল, পেস বোলিংও খেলল। সবমিলিয়ে সে ভালো আছে। দ্বিতীয় ম্যাচে দলে থাকার বিবেচনায় সে আসবে।”
আফগানিস্তান সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরেছেন মুশফিক। সবশেষ গত বছরে নভেম্বরের পাকিস্তান সিরিজে দলে রাখা হয়নি তাকে।
নির্বাচক প্যানেল থেকে বলা হয়েছিল, বিশ্রামে রাখা হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে। বিষয়টিকে ‘দল থেকে বাদ পড়েছেন’ বলে পরে গণমাধ্যমকে জানিয়েছেন মুশফিক।
এরপরে বিপিএলে খুব একটা হাসেনি তার ব্যাট। ভালো না খেললেও জায়গা পান আফগানিস্তান সিরিজে। কিন্তু তখন বাধা হয়ে দাঁড়াল আঙ্গুলের চোট।
এবার হয়তো সেই অপেক্ষার অবসান ঘটতে চলছে মুশফিকের। শততম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত তিনি। বাংলাদেশের জার্সিতে সবমিলে ৯৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ১৯.৭৯ গড়ে তিনি রান করেছেন ১ হাজার ৪ শ ৬৫।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com