স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ মার্চ ২০২২, ১২:৫৬
নিজের অভিষেক ওয়ানডেতে ভারতকে ১০৫ রানে অলআউটের পথে মাত্র ২৮ রান খরচায় প্রথম ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। তবুও মুখে হাসি কিংবা ম্যাচ সেরার পুরস্কার কপালে জুটেনি। কেননা ২০১৪ সালের সেই ম্যাচে বাংলাদেশও গুটিয়ে যায় ৫৮ রানে।
আট বছর আগে সেদিন জয় না পেলেও আজ (বুধবার) প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগার ব্যাটাররা আর ভুল করেনি। যার ফলে তাসকিনের ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের পর জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। জয়ের মূল নায়ক ২৬ বছর বয়সী তাসকিন এখন বেশ পরিণত।
এদিন প্রোটিয়া ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দিয়ে মাত্র ৩৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তাসকিন। যার সুবাদে ম্যাচ শেষে তার হাতে উঠে ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া প্রথম ম্যাচে তিন উইকেট নেয়ায় সিরিজ সেরার পুরস্কারও পান তিনি। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সেঞ্চুরিয়নে মাত্র ৩৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। বাংলাদেশের ৩৮ রানের জয়ে যখনই প্রয়োজন ঠিক তখনই দলকে ব্রেক থ্রু এনে দেন তিনি। তাই ম্যাচসেরার পুরস্কারে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তাসকিন।
তবুও সেদিন ম্যাচ সেরার পুরস্কার হাতে উঠেনি। কারণ ব্যাট হাতে ৬৪ বলে ৭৭ রানে কার্যকরী ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার পান সাকিব আল হাসান। আজও বল হাতে সাকিব ২৪ রানে নিয়েছিলেন ২ উইকেট। অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস।
কিন্তু সবাইকে ছাড়িয়ে যান ২ হাজার ৮৩৬ দিন পর দ্বিতীয় ফাইফার নেয়া তাসকিন। তাই তার হাতেই উঠেছে শুধু ওয়ানডে ক্যারিয়ার নয়, পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারেরই প্রথম ম্যাচ সেরার পুরস্কার। পাশাপাশি নিজের ক্যারিয়ারে এবারই প্রথম সিরিজসেরার পুরস্কার জিতলেন তাসকিন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com