
বিশ্বকাপে প্রত্যাশামাফিক পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে আনপ্রেডিক্টেবল দলটি। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছেন তারা। ৯ ম্যাচে পাকিস্তানের জয় ৫টি, পয়েন্ট ১১। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।
অবশ্য সেমিতে ওঠার জন্য লিগপর্বের শেষ ম্যাচগুলোতে আপ্রাণ চেষ্টা করেছেন সরফরাজরা। তবু ক্ষোভ কমেনি পাকিস্তানি সমর্থকদের একাংশের। তবে শেষ চারে উঠতে না পারার জন্য তাদের কাছে ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।
পাকপ্যাশনকে তিনি বলেন, কারও কাছে ক্ষমা চাওয়ার কোনো কারণ দেখছি না। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা ২ বা ৪ পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারতাম না, আমাদের পয়েন্ট ছিল ১১। সেকেন্ড ফাইনালে খেলতে না পারাটা দুর্ভাগ্য, ওকে! টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারিনি। সেটি আমরা মানি, স্বীকারও করি। তবে সার্বিকভাবে আমাদের পারফরম্যান্স খারাপ ছিল না। শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম আমরা। অথচ কিছু লোকজন এ নিয়ে বেশি বাড়াবাড়ি করছে।
বিশ্বকাপে খুব খারাপ না করলেও অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সরফরাজের। অবশ্য তাকে দলের নেতৃত্বে রাখা হবে কিনা- এ জন্য নিজেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে সঁপে দিয়েছেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান চান গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিক দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাই।