স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩১ জুলাই ২০২২, ২০:০১
ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ে সফর থেকেও বিরাট কোহলি বাদ পড়লেন। বাজে ফর্মের মধ্যে দিয়ে সময় পার করা ভারতের ডানহাতি ব্যাটসম্যানের এশিয়া কাপের দলে জায়গা পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া।
২০১৯ সালের নভেম্বরের পর থেকে কোনো ফরম্যাটে সেঞ্চুরি নেই কোহলির। সম্প্রতি ইংল্যান্ড সফরের দলে জায়গা পেলেও মনে রাখার মতো কিছুই করতে পারেননি। তারপর বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর সেখানেও নাম ওঠেনি ডানহাতি ব্যাটসম্যানের। তবে এই দলে তাকে রাখা উচিত ছিল বললেন কানেরিয়া।
বিশেষ করে ইশান কিষাণকে না রেখে কোহলিকে খেলানো দরকার ছিল মনে করেন পাকিস্তানের সাবেক স্পিনার, ‘দলে ইশান কিষাণকে নেওয়া উচিত হয়নি ভারতের। তাহলে বাড়তি কোনো চাপ ছাড়া তিন ওয়ানডের সবগুলো খেলতো সাঞ্জু স্যামসন। কিষাণের বদলে স্কোয়াডে কোহলিকে রাখতে হতো।’
তিনি আরও বললেন, ‘এই সিরিজে খেলা উচিত ছিল বিরাট কোহলির। বিসিসিআই কি ভাবছে যে তার শুধু বড় টুর্নামেন্টেই খেলা উচিত? কিন্তু সেখানে যদি সে ব্যর্থ হয়, তাহলে আবার তার ফর্মের ঘাটতি নিয়ে আলোচনা হবে। আমি মনে করি সেটা হবে কোহলির জন্য অন্যায্য।’
জিম্বাবুয়ে সফরে জায়গা না হওয়ায় এশিয়া কাপ থেকে কোহলির বাদ পড়ার ইঙ্গিত পাচ্ছেন কানেরিয়া, ‘আপনাকে খুবই পরিষ্কার থাকতে হবে যে কীভাবে আপনি তাকে নিয়ন্ত্রণ করবেন। সে তো পুরো ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে ছিল, তাকে নিশ্চিতভাবে জিম্বাবুয়ে সফরে থাকা দরকার ছিল। ৫০ ওভারের খেলায় হয়তো সে ফর্ম খুঁজে পেতো এবং তারপর এশিয়া কাপ খেলতো। কিন্তু দেখে মনে হচ্ছে সে এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com