shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ জানুয়ারি ২০২৩, ২৩:২১

নুরুল হাসান সোহান
নুরুল হাসান সোহান

নতুন বছরের প্রথম দিন থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা বেজে উঠেছে। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন করেছে বছরের শুরুর দিনেই। রংপুর ফ্র্যাঞ্চাইজি আবার রবিবার আসন্ন মৌসুমে দলের নেতৃত্বও ঠিক করেছে। অধিনায়ক হিসেবে তারা বেছে নিয়েছে জাতীয় দলের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানকে।

২০২২ সালের সর্বশেষ আসরে রংপুর অংশ নেয়নি। ২০১৭ সালে মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২০১৯ সালে তাদের খেলা সর্বশেষ আসরে নেতৃত্বে ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। নুরুল হাসান সোহান এই প্রথম রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমেই অধিনায়কের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন। বিপিএলে এখন পর্যন্ত ৭৬ ম্যাচের ৬৬ ইনিংসে ১৮.২৪ গড়ে তার রান ৮২১। 

উইকেটের পেছনে গ্লাভস হাতেও রেকর্ডের মালিক তিনি। বিপিএলে সর্বোচ্চটি ৭৫ ডিসমিসাল করেছেন। সোহানের চেয়ে ১৯টি ডিসমিসাল কম করে দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম।

অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে সোহান নিজেও দারুণ রোমাঞ্চিত। রংপুরকে শিরোপা জেতাতে ভূমিকা রাখতে চান এই উইকেটকিপার ব্যাটার, ‘অবশ্যই ভালো লাগছে। কিন্তু আমার কাছে মনে হয় দল হিসেবে ভালো করা গুরুত্বপূর্ণ। বছরের প্রথমদিন একসঙ্গে সবাই অনুশীলন করার সুযোগ পেয়েছি। এটা যেহেতু নিজেদের মাঠ, সবাই অনেক রোমাঞ্চিত। অবশ্যই ভালো কিছু আশা করছি।’

বিপিএলের সময় সবগুলো দলকেই একসঙ্গে একাডেমিতে অনুশীলন করতে হয়। এবার রংপুর রাইডার্স নিজেদের মাঠে অনুশীলন করছে। রবিবার প্রথম দিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করে সোহান জানালেন সেই অভিজ্ঞতার কথা, ‘আমরা অনেক বেশি রোমাঞ্চিত। কারণ যখন বিপিএলের সময় অনুশীলন করি, একটা স্লট থাকে দুই-তিন ঘণ্টা; এর বেশি চাইলেও করতে পারি না। নিজেদের গ্রাউন্ড হওয়ায় সকাল থেকে অনুশীলন শুরু করছি, প্রতিবন্ধকতা নেই।’

এবার বেশ শক্তিশালী দলই বানিয়েছে তারা। দলে ভিড়িয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকাকে। এই তালিকায় আছেন শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, পাথুম নিসাংকা ও জেফ্রি ভ্যান্ডার্সি। আছেন সাম্প্রতিক সময়ের সেরা পারফর্মার জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজাও। দেশিদের মাঝে ঘরোয়া ক্রিকেট মাতানো অনেক তারকা ক্রিকেটারও আছেন।

৬ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের পর্দা নামবে ১৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে। অন্য সব আসরের মতো এই আসরেও তিনটি ভেন্যুতে বিপিএল মাঠে গড়াবে। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম ও পুণ্যভূমি সিলেট মিলে মোট পাঁচ ভাগে অনুষ্ঠিত হবে এবারের আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এদিন সন্ধ্যায় রংপুর রাইডার্স খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

রংপুর রাইডার্স স্কোয়াড

সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিসাংকা (শ্রীলঙ্কা), হারিস রউফ(পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।

ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।

ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।