shopner bd
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
×

৭ বছরের চুক্তিতে বার্সায় ‘নতুন রোনালদো’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ জুলাই ২০২৩, ১০:৩২

.
.

গত কয়েক দিনে বিষয়টি এক প্রকার নিশ্চিতই ছিল, শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি ছিল। এবার সেটি জানিয়েই দেওয়া হলো। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা জানিয়েছে, ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকিকে তারা দলভুক্ত করছে। বার্সা ও রকির বর্তমান ক্লাব অ্যাথলেতিকো পারানায়েনস এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

এক বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় যোগ দেবেন রকি। ৭ বছরের চুক্তিতে বার্সায় যাচ্ছেন সেলেসাওদের এই তারকা। তবে ২০৩১ সালের আগে কেউ রকিকে কিনতে চাইলে, তাদের রিলিজ ক্লজ বাবদ খরচ করতে হবে ৫০ কোটি ইউরো।

এদিকে আনুষ্ঠানিক ঘোষণার পর বার্সেলোনার টুইটার পেজ থেকে রকির বক্তব্যসহ একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিও বার্তায় বার্সা সমর্থকদের উদ্দেশে রকি জানিয়েছেন, কিউলার্স, বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি খুব খুশি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। তিগরিনিও বার্সেলোনায় আসছে। শিগগিরই দেখা হবে। বার্সেলোনা এগিয়ে চলো।

চুক্তির সঙ্গে রিলিজ ক্লজের পরিমাণ জানালেও রকির বেতন কিংবা দলবদল ফি বিষয়ে কোনো ধারণা দেয়নি বার্সা। তবে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, রকির জন্য দলবদল বাবদ ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার খরচ করছে বার্সেলোনা।


এবারের মৌসুমে দলবদলে বার্সায় নাম লেখানো তৃতীয় খেলোয়াড় রকি। এর আগে, ম্যানচেস্টার সিটি থেকে ইলকায় গুন্দোয়ান এবং ফ্রি এজেন্ট হিসেবে অ্যাথলেটিক ক্লাবের ইনিও মার্তিনেজকে দলে টেনেছিল কাতালিয়ান ক্লাবটি।

ব্রাজিল যুব দলে খেলার সময় থেকেই বার্সেলোনার দৃষ্টিতে ছিলেন রকি। চলতি বছরে অনূর্ধ্ব-২০ দল পর্যায়ের দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে রকির ব্রাজিল। এই টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই ব্রাজিলিয়ান।

সেলেসাওদের এই ফুটবলার মূলত সেন্টার ফরোয়ার্ড, তবে উইংয়েও খেলে থাকেন। ৯ নম্বর জার্সি পরে খেলা রকিকে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর (দ্য ফেনোমেনন) সঙ্গে তুলনা করা হয়।

পারানায়েনসের হয়ে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে খেলেছেন রকি, করেছেন ২২ গোল।

রকিকে দলে ভেড়ানোর বিষয়ে কয়েক দিন আগে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তো বলেছিলেন, গোল চাই। তার নিজস্ব একটা ধরণ আছে। তাকে রোনালদো বা রোমারিওর সঙ্গে তুলনা করা যাবে না। সে এমন খেলোয়াড় যে বক্সের ভেতর দুই পায়েই বিপজ্জনক হয়ে উঠতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।