স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ জুলাই ২০২৩, ১১:৫১
যুক্তরাষ্ট্রের মিশিগানে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি-আমেরিকান ক্রিকেটারদের অংশগ্রহণে বিডি কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্ট। ডেট্রয়েট সিটির লাস্কি রিক্রেয়শন সেন্টারের ক্রিকেট মাঠে ৩০ জুন শুরু হয়ে ২ জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচ হয়নি।
আমেরিকার স্বাধীনতা দিবসে বেলা ১১টায় শুরু হয় ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে ফাইনাল ম্যাচের জন্য উত্তীর্ণ হওয়া গোলাপগঞ্জ গানার্স ও বিয়ানিবাজার স্ট্রাইকার্সের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে গোলাপগঞ্জ গানার্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের পক্ষে তৌকির খান ৩৯ বল খেলে সর্বোচ্চ ৫৫ রান করেন।
অন্যদিকে বিয়ানিবাজার স্ট্রাইকার্স জয়ের জন্য রান তাড়া করতে শুরুতেই তাদের প্রথম উইকেট হারায়। দলের ওপেনার ফয়েজ লিংকন মাত্র ১১ রান করেই সাজঘরে ফেরেন। তারপর দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান খেলায় চমৎকার নৈপুণ্য দেখান। ব্যাটসম্যান ওয়াহিদুর রহমান ৪০ বল খেলে ৭৮ রান এবং তৌহিদুল ইসলাম ৫২ বল খেলে ৭৭ রান করেন।
ব্যাটসম্যান ওয়াহিদুর রহমানের অসাধারণ ব্যাটিং এ স্ট্রাইক রেট ছিল ১৯৫। ৫টি ছক্কা ও ৪টি চারের সমন্নয়ে তার অনবদ্য ইনিংস সম্পন্ন করেন। শেষ পর্যন্ত দুই ব্যাটসম্যান ৩ ওভার ৫ বল বাকি রেখেই ১৬.১ বল খেলে ১৭২ রান করে ৯ উইকেটে শিরোপা জয় করে বিয়ানিবাজার স্ট্রাইকার্স দল চ্যাম্পিয়ন হয়।
এই টুর্নামেন্টে বেশ কয়েকজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটাররা অংশগ্রহণ করেন। এদের মধ্যে আরিফুল হক, ফরহাদ রেজা, সৈয়দ রাসেল, তানভীর হায়দার, মুক্তার আলী, সোহরাওয়ার্দী শুভ উল্লেখযোগ্য। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে পাওয়ার রেঞ্জার্স, সুলতানস অব সিলেট, এ বি হোম কেয়ার, ডেট্রয়েট ওয়ারিয়র্স, গোলাপগঞ্জ গানার্স ও বিয়ানীবাজার স্ট্রাইকার্স।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল বিয়ানীবাজার স্ট্রাইকার্স ২,৫০০ ডলার ও রানার আপ দল গোলাপগঞ্জ গানার্স ১,০০০ ডলার প্রাইজমানি লাভ করে। চ্যাম্পিয়ন দলের তৌহিদুল ইসলাম এম ভি পি হওয়ার গৌরব অর্জন করেন। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন গোলাপগঞ্জ গানার্সের আলী সামাদ, সেরা বোলার পাওয়ার রেঞ্জার্সের এমডি আলী এবং সেরা ফিল্ডার বিয়ানীবাজার স্ট্রাইকার্সের শাহান খান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিশিগানের প্রেসিডেন্ট তায়েফুর রহমান, কোড অব কন্টাক্ট তানিম আহমেদ, ট্রেজারার রসি মীর, ক্যাটারিং ব্যবসায়ী মোশারফ চৌধুরী লিটু ও ক্রীড়া সংগঠক সায়েল হুদা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com