স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ আগস্ট ২০২৩, ১৩:০৩
উয়েফা সুপার কাপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল ম্যানচেস্টার সিটি। টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তুলল পেপ গার্দিওলার শিষ্যরা। খেলার রাতে নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর শিরোপা নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জেতে সিটিজেনরা।
বুধবার রাতে গ্রিসের এথেন্সে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ী দুদল। যেখানে চ্যাম্পিয়নসজয়ী সিটি চ্যাম্পিয়নের মুকুট পরে।
টাইব্রেকারে পেনাল্টি শুটআউটে সিটির পাঁচ শটে গোল করেন আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেস, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। তবে সেভিয়ার প্রথম চার শটে লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিতিচ ও গনসালো মনতিয়েল জালের দেখা পেলেও নেমানিয়া গোদেলের নেওয়া পঞ্চম শট ক্রসবারে লাগলে উল্লাসে ফেটে পড়ে সিটি।
এই বছরটি সিটি আসলে রীতিমতো উড়ছে। কেননা গত মৌসুমে ট্রেবল জয়ী দলটির এই বছরে চতুর্থ শিরোপা এটি। এছাগা কোচ হিসেবে চারবার সুপার কাপে অংশ নিয়ে প্রতিবারই শিরোপার স্বাদ পেলেন গুয়ার্দিওলা। ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার কোচ হিসেবে এবং ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের দায়িত্বে ট্রফি জিতেছিলেন এই স্প্যানিয়ার্ড।
ম্যাচে সিটির আক্রমণে ধারার বিপরীতে ২৫তম মিনিট এগিয়ে যায় সেভিয়া। বাঁ দিক থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস আকুনার দারুণ ক্রসে বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে হেডে গোলটি করেন মরক্কোর ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি।
দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে সমতায় ফেরে সিটি। বক্সের বাইরে থেকে রদ্রির ক্রসে দূরের পোস্টে হেডে বল জালে পাঠান পালমার।
সুপার কাপে আগে নির্ধারিত সময়ে সমতা থাকলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হলেও এবার সরাসরি টাইব্রেকারের নিয়ম করে উয়েফা। আড়াই মাস আগে টাইব্রেকারে জিতে ইউরোপা লিগের শিরোপা ঘরে তুললেও এবার পারল না সেভিয়া। ২০০৬ সালে প্রথমবার সুপার কাপে অংশ নিয়ে শিরোপা জয়ের পর এই নিয়ে ছয়বার রানার্সআপ হলো স্প্যানিশ ক্লাবটি।
এদিকে ১০ দিন আগে কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে টাইব্রেকারে হেরে গেলেও এবার জয়ের স্বাদ পেল সিটি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com