shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

চালকের আসনে নিউজিল্যান্ড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ আগস্ট ২০১৯, ১২:৫২

গল টেস্টে হারতে হলেও কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হারের সম্ভাবনা থেকে নিউজিল্যান্ডকে কার্যত দূরে সরিয়ে নিয়ে গেলেন টম লাথাম। ব্যাট হাতে তাকে যথাযোগ্য সঙ্গত করেন বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোম। মূলত তিন জনের ব্যাটে ভর করেই পি সারা ওভালে প্রথম ইনিংসের হিসাবে শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেল কিউয়িরা। নিউজিল্যান্ড বড়সড় লিডের দিকে এগিয়ে গেলেও পিচের গতিপ্রকৃতির কথা মাথায় রাখলে ম্যাচের ফলাফল নির্ধারিত হওয়া মুশকিল। বৃষ্টিতে প্রথম দু’দিনের বেশিরভাগ সময় নষ্ট হওয়ায় শ্রীলঙ্কার ঘাড়ে বড় রানের বোঝা চাপিয়ে দিলেও দ্বিতীয় ইনিংসে তাদের অলআউট করার মতো যথেষ্ট সময় কিউয়িরা হাতে পাবে বলে মনে হয় না। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ২৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে। অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে শ্রীলঙ্কার থেকে এখনই ১৩৮ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ম্যাচের প্রথম দিন ৩৬.৩ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে। দ্বিতীয় দিনে খেলা হয় মোটে ২৯.৩ ওভার। দু’দিন মিলিয়ে ৬৬ ওভারে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে। তৃতীয় দিনে সিংহলিরা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২৪৪ রানে। ধনঞ্জয়া ডি’সিলভা ১০৯ ও দিমুথ করুণারত্নে ৬৫ রান করেন। টিম সাউদি ৪টি ও ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নেন৷ ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে। তারপর থেকে খেলতে নেমে কিউয়িরা চতুর্থ দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ৩৮২ রানে৷ ওপেনার টম লাথাম ১৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। ২৫১ বলের ইনিংসে তিনি ১৫টি বাউন্ডারি মারেন। কেন উইলিয়ামসন ২০, রস টেলর ২৩, হেনরি নিকোলস ১৫ রান করে আউট হন। বিজে ওয়াটলিং ২০৮ বলে ৮১ রান করে অপরাজিত রয়েছে। তিনি মাত্র ৪টি বাউন্ডারি মেরেছেন। গ্র্যান্ডহোম ৭৫ বলে ৮৩ রানের আগ্রাসী ইনিংস খেলে নটআউট রয়েছেন। তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। দিলরুয়ান পেরেরা ৩টি উইকেট নিয়েছেন। ম্যাচের আর মাত্র একটি দিন বাকি রয়েছে। সুতরাং নিউজিল্যান্ডের হারার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে দ্রুত গুটিয়ে দিতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি করতে পারে কিউয়িরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।